ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।
রোববার রাতে খাগড়াছড়িতে গিয়ে সাদিক কায়েমের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। পাশাপাশি ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ির পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে শাহজাহান চৌধুরী বলেন, ‘জুলাই বিপ্লবের বীর সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তাঁদের জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না। একটি স্বাধীন দেশে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের নমনীয়তার সুযোগ নেই। অতীতের ফ্যাসিবাদী সন্ত্রাসের পুনরাবৃত্তি রোধে সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের প্রশ্রয় দেওয়া হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে।
শাহজাহান চৌধুরী বলেন, জুলাই বিপ্লবের বীর সন্তানদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা রক্ষায় রাষ্ট্রকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।