দক্ষিণ পূর্ব

মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ মামলা

সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ ০৭:৫৬ সকাল
পঠিত : ৫১
সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা
চট্টগ্রামের মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। মামলার যুক্তিতর্ক শেষে আগামী ৩০ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। তাঁদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।

তিনি জানান, বাকি ১৫ আসামির বিরুদ্ধে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত ৩০ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন। মঙ্গলবার ১৫ আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের জন্য অধিগ্রহণ করা চিংড়িঘের, ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা।

অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পরে নানা কৌশলে সেখান থেকে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা তুলে আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন।

দুদকের তদন্তে ৩৬ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে ২০১৭ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।