দক্ষিণ পূর্ব

সাবেক এমপি নদভীর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে দুদকে মামলা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৫:৪৯ সকাল
সর্বশেষ আপডেট : ১ সপ্তাহ আগে
পঠিত : ৪৩
সাবেক এমপি নদভীর বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে দুদকে মামলা


জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সায়েদ আলম বাদী হয়ে মামলাটি করেন। দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক আল আমিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুদকের অনুসন্ধানে নদভীর নামে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা। অন্যদিকে, দায়দেনা বাদে তাঁর নিট সম্পদের পরিমাণ ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকা। এ হিসাবে তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকা।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদের বিপরীতে বেতন-ভাতা, সম্মানী ও বকেয়া বাবদ ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা উত্তোলন করেন নদভী। বিশ্ববিদ্যালয়ের নথিপত্র পর্যালোচনা করে এসব অর্থ অবৈধভাবে উত্তোলনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে দুদক।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে তিনি অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এসব অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।