চট্টগ্রামের কর্ণফুলীতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সার কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে ট্রাকচালক ও দায়িত্বরত আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সিইউএফএলের লোড-আনলোডের মূল ফটকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আনসার সদস্য মোহাম্মদ আলমগীর (৩৫) ও মানিক (২৯)। পরে তাঁদের কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আনসার সদস্যদের দাবি, গেটে ট্রাক চলাচল নিয়ে প্রথমে চালকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে একদল ট্রাকচালক দলবদ্ধ হয়ে গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের ওপর হামলা করা হলে দুই আনসার সদস্য আহত হন।
সিইউএফএল কারখানার আনসার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রব মাঝি বলেন, দ্রুতগতিতে একটি ট্রাক গেট দিয়ে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ট্রাকচালকরা দলবদ্ধ হয়ে গেটে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আলমগীর ও মানিক আহত হন।
তিনি বলেন, ট্রাকচালকরা সিইউএফএলের সার পরিবহনের কাজে নিয়োজিত। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, সিইউএফএল ও ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড প্ল্যান্ট থেকে পণ্য পরিবহনকারী ট্রাক থেকে নিয়মিত অর্থ আদায় করা হয়। তাঁদের দাবি, গাড়িপ্রতি ২০ হাজার থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, ‘সিইউএফএলের ভেতরে ট্রাক সরানোকে কেন্দ্র করে ট্রাকচালক ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির আইসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।