চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪০০ জন শিক্ষার্থী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও সোহরাওয়ার্দী হল সংসদের যৌথ উদ্যোগে এবং ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
‘স্বাস্থ্য, সচেতনতা এবং সুরক্ষা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পে ডার্মাটোলজি, মেডিসিন ও নিউট্রিশন বিভাগের মোট চারজন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষার্থীদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের নিউট্রিশনিস্ট ডা. মো. ইকবাল হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ ফয়জুল ইসলাম, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কে. সামিয়া শিমু এবং ডা. মেহতাজ তাসনিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সোহরাওয়ার্দী হল সংসদের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার এবং ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মুহাম্মদ ইউসুফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) মো. ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ এবং সোহরাওয়ার্দী হল সংসদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি নিয়ামত উল্লাহ আবরার ফারাবীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বক্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনের সময় চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং স্বাস্থ্যসংক্রান্ত বিষয়গুলো নিয়ে সচেতনভাবে কথা বলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা একটি শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় পরিবেশ গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ।
সোহরাওয়ার্দী হল সংসদের এজিএস রেসালাতুর রহমান ও হল স্বাস্থ্য সম্পাদক সাজেদুর রহমান মারুফের সার্বিক প্রচেষ্টায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নুরুন্নবী সোহান।
চবি/আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।