দক্ষিণ পূর্ব

স্ত্রীকে না পেয়ে স্বামীকে আটক, হাতকড়াবন্দি অবস্থায় মৃত্যু

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ ০২:৩৯ দুপুর
পঠিত : ৬৯
স্ত্রীকে না পেয়ে স্বামীকে আটক, হাতকড়াবন্দি অবস্থায় মৃত্যু

ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে পারিবারিক বিরোধের মামলায় স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে না পেয়ে স্বামীকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অসুস্থ হয়ে মারা যান মো. শহিদ (৬২) নামে ওই ব্যক্তি।

তবে পরিবারের অভিযোগ, পুলিশের ধস্তাধস্তি ও শক্তি প্রয়োগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে আদালতে একটি মামলা করেন পরিবারের এক পক্ষ। ওই মামলায় শহিদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য বাড়িতে যান। তবে সাবেরা খাতুনকে না পেয়ে তাঁর স্বামী শহিদকে আটক করেন তাঁরা।

নিহতের ভাই আব্দুল খালেকের অভিযোগ, শহিদ ওই মামলার আসামি ছিলেন না। বিষয়টি পুলিশকে জানিয়ে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও তা আমলে নেওয়া হয়নি। একপর্যায়ে তাঁর হাতে হাতকড়া পরিয়ে ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াবন্দি অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শহিদ। পরে তিনি সংজ্ঞা হারান।

আব্দুল খালেক আরও অভিযোগ করেন, শহিদ মাটিতে পড়ে যাওয়ার পর পুলিশ তাঁর হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, একটি মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই সাব্বির ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে শহিদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পান তাঁরা। তবে এ ঘটনায় পুলিশের কোনো সম্পৃক্ততা নেই।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।