দক্ষিণ পূর্ব

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান

saiful
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৯ সকাল
পঠিত :
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান


জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একই সঙ্গে তিনি জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কারের দাবি জানান।

মঙ্গলবার দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, ১৯০টিরও বেশি দেশের ইচ্ছাকে মাত্র পাঁচটি দেশের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল করে রাখা কোনোভাবেই ন্যায়সংগত নয়। বর্তমান কাঠামো বিশ্বের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে ৮১ বছর আগে জাতিসংঘ প্রতিষ্ঠিত হলেও বর্তমানে সংস্থাটি সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে। তার মতে, জাতিসংঘকে কার্যত অকার্যকর করে ফেলা হয়েছে।

গাজায় চলমান মানবিক সংকটের প্রসঙ্গ তুলে এরদোয়ান বলেন, সেখানে যা ঘটছে তা উপেক্ষা করা কোনো বিবেকবান মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস টানা দুই বছর জাতিসংঘের সাধারণ পরিষদে নিজের নির্ধারিত আসনে বসতে না পারার বিষয়টিও তুলে ধরেন তিনি। এরদোয়ানের ভাষায়, ফিলিস্তিনিদের প্রতি এমন আচরণ বিশ্ব বিবেককে আহত করেছে।

যেসব দেশ এখনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট। পাশাপাশি গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর সর্বোচ্চ আন্তর্জাতিক চাপ প্রয়োগেরও আহ্বান জানান তিনি।

গাজার বর্তমান পরিস্থিতিকে তিনি “আমাদের সময়ের সবচেয়ে অমানবিক ও লজ্জাজনক আটক শিবির” বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ন্যাটো সদস্য তুরস্ক শুরু থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছে। আঙ্কারার দাবি, গাজায় ইসরায়েলের অভিযান গণহত্যার শামিল। তবে ইসরায়েল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।