দক্ষিণ পূর্ব

স্বামী-সন্তানের পর চলে গেলেন রেশমীও

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ ০৮:৫৯ সকাল
পঠিত : ৬২
স্বামী-সন্তানের পর চলে গেলেন রেশমীও

ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও ছোট্ট মেয়েকে হারানোর ২৪ দিন পর না ফেরার দেশে চলে গেলেন রেশমী আক্তার (২৫)। স্বামী-সন্তানের মৃত্যুর পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের আইসিইউতে টানা ২৪ দিন লড়াই করেছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই লড়াইয়েও হার মানলেন। একই দুর্ঘটনায় নিভে গেল একটি পরিবারের তিনটি প্রাণ।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেশমী। তাঁর মৃত্যুতে স্বামী মো. দেলোয়ার ও মেয়ে ওয়াসিফা জান্নাতকে হারানোর শোকাবহ পরিণতি আরও করুণ হয়ে উঠেছে।

গত ২৪ অক্টোবর রাতে স্বামী দেলোয়ার, দুই বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত ও পরিবারের পরিচিতজনদের সঙ্গে অটোরিকশায় করে কেরানীহাট স্টেশনের একটি মেলায় যাচ্ছিলেন রেশমী। আনন্দের সেই যাত্রাই মুহূর্তে পরিণত হয় ভয়াবহ দুর্ঘটনায়।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে অটোরিকশাটির সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী দেলোয়ার। গুরুতর আহত রেশমী ও তাঁর ছোট্ট মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওয়াসিফা জান্নাতকে মৃত ঘোষণা করেন।

স্বামী ও সন্তানকে হারিয়ে নিজেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন রেশমী। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে টানা ২৪ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হলো না তাঁর।

রেশমী সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজমহল ক্লাবের পশ্চিম পাশে শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর বাবার বাড়ি একই এলাকায়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার রেশমীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় রেশমী মারা গেছেন। তাঁর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

ওসি বলেন, রেশমীর মৃত্যুর মধ্য দিয়ে ওই দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হলো । 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।