দক্ষিণ পূর্ব

হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৭:৪৫ বিকাল
পঠিত : ৫৭
হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩

ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত দুই ভাই কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহী বাড়ির মো. হারুনের ছেলে ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। নিহত অপরজন হলেন হাটহাজারীর মো. ফাহিম (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তুষার ও ইরাত একটি মোটরসাইকেলে করে ফরহাদাবাদের বাড়ি থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথে চারিয়া মুছার দোকান এলাকায় নাজিরহাটগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইরাত ও ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে হাসপাতালে পৌঁছানোর আগেই ইরাতের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাহিমও।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সানজিদা তাবাসসুম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।