দক্ষিণ পূর্ব

হালিশহরে গভীর রাতে বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ ০১:৪৭ দুপুর
পঠিত : ৬০
হালিশহরে গভীর রাতে বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

ছবি

চট্টগ্রাম নগরের হালিশহরের একটি বাসায় গভীর রাতে বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন। তাঁদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে রয়েছে। তিনজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে বাসার দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার পরদিন বুধবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি জানতে পারে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আরিফ, তাঁর স্ত্রী রাশেদা বেগম এবং তাঁদের তিন বছর বয়সী মেয়ে আরিফা বেগম। তাঁদের মধ্যে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে। আরিফ ও রাশেদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাঁদের মেয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেশায় রিকশাচালক আরিফ দুই মাস আগে আজিজ ভবনের নিচতলায় বাসাটি ভাড়া নেন। মঙ্গলবার রাতে হঠাৎ বাসার ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর বাসাটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাতে দরজা ও জানালা ছিটকে পড়ে। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধ তিনজনকে উদ্ধার করেন। পরে তাঁদের চমেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের চিকিৎসা চলছে।

বিস্ফোরণের খবর পেয়ে বুধবার সকালে বন্দর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনাস্থল ঘিরে রাখা হয়।

দগ্ধ আরিফের ভাই মো. শরীফ বুধবার বিকেলে বলেন, তাঁদের গ্রামের বাড়ি ভোলায়। তিনি মা-বাবার সঙ্গে থাকেন। তাঁর ভাই পরিবার নিয়ে আলাদা বাসায় থাকতেন। মঙ্গলবার রাতে কী ঘটেছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। ভাইয়েরা দগ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন। ভাবির অবস্থা খুব খারাপ, ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক। তবে ভাতিজির অবস্থা তুলনামূলক ভালো।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে, নাকি অন্য কোনো কারণে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের বিভিন্ন ইউনিট বিষয়টি তদন্ত করছে। আপাতত বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পর বিস্ফোরণের কারণ স্পষ্ট হবে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।