টানা ১১ দিন ধরে ক্লাস-পরীক্ষাসহ প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে গেলেও দাবি আদায়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে এটি স্বাধীনতা চত্বর অতিক্রম করে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’—সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ‘আজ আমাদের আন্দোলনের ১১তম দিন। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছি। আমাদের দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাইনি। প্রশাসনের এই নীরবতার প্রতিবাদেই আজকের কর্মসূচি।’
তিনি বলেন, ‘আমাদের ক্লাস ও পরীক্ষা এখনো বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তে আমরা অটল। দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আশা করছি।’
একই বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে বলেন, ‘প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে জুমার নামাজের পর আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে রয়েছি। এই অনিশ্চয়তার অবসান চাই। শুরু থেকেই আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টির সমাধানের আহ্বান জানিয়ে আসছি। আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই।’
এর আগে দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন। টানা ১১ দিন ধরে ক্লাস-পরীক্ষা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ রয়েছে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।