চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। শুধু গুলি ছুড়েই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, ঘটনার পর ফোন করে বাড়ির মালিককে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব।’
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের শহীদনগর এলাকায় জাফর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে জানালার কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।
ভুক্তভোগী জাফর আহমদের দাবি, সন্ত্রাসী মোহাম্মদ রায়হানের সহযোগীরা এ হামলা চালিয়েছেন। গুলির ঘটনার পর রায়হান নিজেই তাকে ফোন করে হুমকি দেন।
জাফর আহমদ জানান, প্রায় ১০ মাস আগে রায়হান ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় তিনি নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছিলেন। এরপর দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকলেও গত বুধবার আবারও চাঁদার দাবিতে হুমকি দেওয়া হয়।
জাফর আহমদ বলেন, বাড়িতে গুলি করার পর ফোন করে রায়হান তাকে বলেন, ‘টাকা দিসনিতে তো, আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে গুলি করে চলে গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিক জাফর আহমদের সোমবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী বলে দাবি পুলিশের।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।