দক্ষিণ পূর্ব

২৫ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার তৌহিদ চকরিয়ায় গ্রেপ্তার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ ১১:২৫ দুপুর
পঠিত : ৪০
২৫ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার তৌহিদ চকরিয়ায় গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় আন্তঃজেলা ডাকাত চক্রের কথিত সর্দার তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অভিযোগে ২৫টির বেশি মামলা রয়েছে। পুলিশের দাবি, তাঁর নেতৃত্বে ৪০ থেকে ৫০ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনী বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়ার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা মোটরসাইকেল এবং বিদেশি ইমিটেশনের তিনটি চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) চকরিয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযানটি পরিচালনা করে।

গিয়াস হত্যা মামলার প্রধান আসামি

পুলিশের তথ্যমতে, তৌহিদ ডাকাতের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে অন্যতম চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন অপহরণ ও হত্যা মামলা। ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাত ২টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতুর ওপর গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, একটি গাড়ি দিয়ে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পর তাঁকে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর মরদেহ মাতামুহুরী সেতু এলাকায় ফেলে রাখা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তৌহিদুল ইসলাম এজাহারনামীয় এক নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

এক রাতেই দুই বাড়িতে ডাকাতি

পুলিশের দাবি, গত ১২ নভেম্বর রাতে চকরিয়ার দুটি বসতবাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় তৌহিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

প্রথম ঘটনায় পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় একটি বাড়ির জানালার গ্রিল কেটে প্রবেশ করে ডাকাত দল। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন এবং অন্যান্য মালামাল লুট করা হয়। এ সময় ১৪৯ সিসির একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেলও নিয়ে যায় তারা।

একই রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকার আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেখানে পরিবারের সদস্যদের অস্ত্র ও বৈদ্যুতিক শক মেশিনের ভয় দেখিয়ে তিনটি মোবাইল ফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং আনুমানিক ১৩ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। মামলায় লুণ্ঠিত স্বর্ণালংকারের মূল্য প্রায় ৩১ লাখ ২০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

এসব ঘটনায় দায়ের করা মামলার সূত্র ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

৪০-৫০ সদস্যের ডাকাত বাহিনীর তথ্য

পুলিশের প্রাথমিক তদন্তে তৌহিদের নেতৃত্বে ৪০-৫০ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনীর তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বাহিনীর সদস্যদের বাড়িঘর ও সম্পদ গড়ে তুলতে উৎসাহিত করা হতো।

তদন্তে তৌহিদের বাবা কাশেম ডাকাত, ভাই জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ ডাকাত এবং দক্ষিণ চট্টগ্রামের কথিত শীর্ষ চোর নবী হোসেন প্রকাশ নইব্যা চোরার সম্পৃক্ততার তথ্যও পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া পুলিশের অভিযানের আগাম তথ্য পেয়ে যাওয়ার মতো একটি তথ্যদাতা নেটওয়ার্কও তাঁর ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনতলা বাড়ি ও ডুপ্লেক্স ভবনের সম্পদের উৎস অনুসন্ধান

তৌহিদ ও তাঁর ঘনিষ্ঠজনদের নামে গড়ে ওঠা সম্পদের উৎস নিয়েও অনুসন্ধান শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এলাকায় তাঁর নামে তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামার ফাইতং এলাকায় একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির তথ্য পাওয়া গেছে।

পুলিশের দাবি, এসব সম্পদ অপরাধলব্ধ অর্থে গড়ে তোলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাড়িগুলোর ভূগর্ভস্থ অংশে লুণ্ঠিত মালামাল সংরক্ষণ এবং ডাকাত দলের সদস্যদের মধ্যে ভাগবণ্টনের তথ্যও তদন্তে এসেছে।

তৌহিদের স্ত্রী রুমা আক্তারসহ ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে সম্পদ গড়ে তোলার অভিযোগও তদন্তাধীন। চকরিয়া, কক্সবাজার সদর ও চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় সম্পদের প্রকৃত মালিকানা ও অর্থের উৎস অনুসন্ধান করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন থানায় তৌহিদের বিরুদ্ধে ২৫টির বেশি মামলা রয়েছে। এ ছাড়া চকরিয়া থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

আন্তঃজেলা ডাকাত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অপরাধলব্ধ সম্পদের উৎস অনুসন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।