দক্ষিণ পূর্ব

২৭ দিনের অচলাবস্থা কাটিয়ে উৎপাদনে সিইউএফএল

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ০৪:০০ দুপুর
পঠিত : ৬৭
২৭ দিনের অচলাবস্থা কাটিয়ে উৎপাদনে সিইউএফএল

ছবি

দীর্ঘদিনের উৎপাদন বিপর্যয় কাটিয়ে আবারও সচল হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। যান্ত্রিক ত্রুটির কারণে টানা ২৭ দিন বন্ধ থাকার পর শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৩টার দিকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিন গড়ে এক হাজার মেট্রিক টনের বেশি ইউরিয়া সার উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই সারের বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যান্ত্রিক সমস্যার কারণে প্রায় ২৭ দিন কারখানার উৎপাদন বন্ধ ছিল। এক দিন উৎপাদন বন্ধ থাকলে গড়ে তিন কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়। তবে বর্তমানে গ্যাস সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে।

কারখানাটির উৎপাদন বন্ধ হওয়ার পেছনে এবারও বড় কারণ ছিল যান্ত্রিক ত্রুটি। গত ১৭ অক্টোবর রাতে সমস্যাটি দেখা দেওয়ার পর ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে প্রায় ছয় মাস গ্যাসসংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর গত ১৫ সেপ্টেম্বর গ্যাস সরবরাহ পাওয়ায় উৎপাদন শুরু হয়। কিন্তু ৪৮ ঘণ্টা না যেতেই যান্ত্রিক ত্রুটিতে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

পরবর্তী সময়ে প্রায় ১২ দিন পর ত্রুটি মেরামত করে উৎপাদন চালু করা হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। নতুন করে যান্ত্রিক সমস্যার কারণে আবারও উৎপাদন বন্ধ রাখতে হয়। সব মিলিয়ে কারখানাটির উৎপাদন কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৪০ বছরের পুরোনো এ কারখানায় বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একবার উৎপাদন বন্ধ হলে সমস্যার উৎস শনাক্ত, যন্ত্রাংশ মেরামত ও পুনরায় উৎপাদন শুরু করতে বেশ সময় লাগে। দীর্ঘদিন বন্ধ থাকলে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাইপলাইনে মরিচা ধরে এবং লিকেজের ঝুঁকি তৈরি হয়।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান সিইউএফএল। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কর্ণফুলী নদীর মোহনায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে নাইট্রোজেনসমৃদ্ধ ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে কারখানাটি স্থাপন করা হয়।

১৯৮৫ সালের অক্টোবরে কারখানাটির নির্মাণকাজ শুরু হয়। ১৯৮৭ সালের ২৯ অক্টোবর পরীক্ষামূলক উৎপাদন শুরু এবং ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিক উৎপাদনে যায় সিইউএফএল। জাপানের টয়ো ইঞ্জিনিয়ারিং করপোরেশন কারখানাটির নির্মাণকাজে জেনারেল কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করে।

কারখানাটিতে রয়েছে ১৭০ মিটার দৈর্ঘ্য ও ২৫ মিটার প্রস্থের একটি জেটি। সিইউএফএলের পাশাপাশি ডিএপিএফসিএলের কাঁচামাল ফসফরিক অ্যাসিড খালাসেও এটি ব্যবহৃত হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ছোট লাইটার জাহাজের মাধ্যমে সার পরিবহনের জন্য রয়েছে একটি লোকাল জেটি।

দীর্ঘদিন ধরে গ্যাসসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হলেও দেশের সার উৎপাদন ও কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সিইউএফএল। নতুন করে উৎপাদন শুরু হওয়ায় কারখানাটির সার সরবরাহে গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।