দক্ষিণ পূর্ব

৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে: মেয়র শাহাদাত

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ০৬:৫৭ সকাল
পঠিত : ২৪
৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে: মেয়র শাহাদাত

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ইতোমধ্যে ১১টি মাঠের উন্নয়ন ও প্রস্তুতকরণের কাজ শেষ হয়েছে। আরও কয়েকটি মাঠের উন্নয়নকাজ চলছে। পাশাপাশি নগরীর অন্যান্য ওয়ার্ডে নতুন মাঠ তৈরির পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে।

শনিবার কল্পলোক আবাসিক এলাকার ১ নম্বর খেলার মাঠ ও পার্কের সংস্কারকাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। কল্পলোক মডেল মসজিদ চত্বর মাঠে কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতি (প্রথম পর্যায়) এ অনুষ্ঠানের আয়োজন করে।

মেয়র বলেন, শপথ গ্রহণের পর তিনি চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে বেশ কয়েকটি মাঠ খেলার উপযোগী করা হয়েছে। এর মধ্যে রয়েছে হালিশহর এইচ ব্লক মাঠ, বহুরূপী মাঠ, ফিরোজশাহ মাঠ, হালিশহর এস ব্লক মাঠ ও বিডিআর মাঠ।

তিনি আরও জানান, হালিশহর শিশু পার্ক মাঠ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ মাঠ, বাকলিয়া স্টেডিয়াম ও বাকলিয়া স্কুল মাঠের উন্নয়নকাজ চলছে। আগ্রাবাদ জাম্বুরি মাঠের কাজও শেষ পর্যায়ে রয়েছে। অন্য ওয়ার্ডগুলোতে মাঠ নির্মাণের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

শিশু-কিশোর ও তরুণদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, সুস্থ দেহ ও মানসিক বিকাশেরও অন্যতম উপায়। পর্যাপ্ত খেলার মাঠ থাকলে তরুণদের মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৪১ ওয়ার্ডে ৪১টি মাঠ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চালিয়ে যাবেন তিনি। খেলাধুলার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতির (প্রথম পর্যায়) সভাপতি এম. আব্দু শুক্কুর। মুখ্য উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। সংস্কারকাজের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন লিপু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আবাসিক এলাকার বাসিন্দারা। বক্তব্য দেন আবদুল্লাহ আল হারুন, অ্যাডভোকেট আজিজুল হক, আমির হক ও মোহাম্মদ আবুল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলী আকবর।

বক্তারা কল্পলোকের খেলার মাঠ ও পার্ক সংস্কারের উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, মাঠ ও পার্কের উন্নয়ন হলে এলাকার শিশু-কিশোর, তরুণ ও সাধারণ বাসিন্দাদের খেলাধুলা, শরীরচর্চা এবং সুস্থ বিনোদনের সুযোগ বাড়বে। একই সঙ্গে এসব উন্মুক্ত স্থান সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেন তাঁরা।

চট্টগ্রাম নগরীতে খেলার মাঠের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান উন্মুক্ত স্থানগুলোকে ব্যবহারোপযোগী করে তোলার উদ্যোগ নাগরিকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।