চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার উদ্যোগ বন্ধ এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে ৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের কার্যালয়ে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। নগরীর বন্দর প্রধান গেইটে এ অবস্থান কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র। এ বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার যেকোনো উদ্যোগ নেওয়ার আগে জাতীয় স্বার্থ, শ্রমিকদের কর্মসংস্থান এবং দেশের অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করা প্রয়োজন।
বক্তারা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, তিনি ডিপি ওয়ার্ল্ডের স্বার্থে লবিস্ট হিসেবে ভূমিকা রাখছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য সভায় পাওয়া যায়নি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, চট্টগ্রাম বন্দরকে কোনো বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থে পরিচালনার সুযোগ দেওয়া যাবে না। বন্দরের সঙ্গে দেশের অর্থনীতি, শ্রমিকদের কর্মসংস্থান এবং জাতীয় স্বার্থ সরাসরি জড়িত।
বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব ফজলুল কবির মিন্টু বলেন, চট্টগ্রাম বন্দর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি নয়, এটি দেশের জনগণের সম্পদ। বন্দরের ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম বলেন, বন্দরের শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। শ্রমিকদের অধিকার ও বন্দরের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো. হারুন বলেন, চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলনে শ্রমিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভা থেকে ৫ অক্টোবরের অবস্থান কর্মসূচিতে শ্রমিক, ট্রেড ইউনিয়ন, জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়নসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।