দক্ষিণ পূর্ব

অবহেলিত ও অধিকারবঞ্চিত শিশুদের পুনর্বাসনই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ০১:৪১ দুপুর
পঠিত : ২৩
অবহেলিত ও অধিকারবঞ্চিত শিশুদের পুনর্বাসনই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী

ছবি

Degchibarictg

অবহেলিত ও অধিকারবঞ্চিত শিশুদের পুনর্বাসনের মাধ্যমে সমাজের যোগ্য ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলা না করে যথাযথ যত্ন, ভালোবাসা, শিক্ষা, চিকিৎসা ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে। প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে অপার সম্ভাবনা ও সুপ্ত প্রতিভা। এসব প্রতিভার বিকাশে মানসম্মত শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে অবস্থিত চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পথশিশু ও ভিক্ষাবৃত্তিতে জড়িত শিশুদের পুনর্বাসন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব শিশুকে পুনর্বাসনের আগে সাইকোসোশ্যাল মোটিভেশনের আওতায় আনতে হবে। এ প্রক্রিয়া ছাড়া তাদের টেকসই পুনর্বাসন সম্ভব নয়। এ লক্ষ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

মন্ত্রী আরও বলেন, শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। কোনো শিশু যেন পরিচয়, পারিবারিক অবস্থা কিংবা আর্থসামাজিক প্রতিবন্ধকতার কারণে উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকেও এগিয়ে আসতে হবে।

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, সমাজকল্যাণমন্ত্রীর এ পরিদর্শন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি শিশুদের সেবার মান আরও উন্নত ও গতিশীল করতে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

পরিদর্শনে কেন্দ্রে পৌঁছালে নিবাসী শিশুরা ফুল দিয়ে মন্ত্রীকে স্বাগত জানায়। এ সময় তিনি শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডের খোঁজখবর নেন। পরে কেন্দ্রের বাগানে একটি পেয়ারা গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে শিশুদের উদ্যোগে প্রকাশিত দেয়ালিকা ‘আলোকবর্তিকা’র দ্বাদশ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিশুদের জীবনমান উন্নয়ন, শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা ও পুনর্বাসনে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

পরে কেন্দ্রের নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশুরা নিজেদের হাতে পুঁতি দিয়ে তৈরি তাজমহলের একটি দৃষ্টিনন্দন শোপিস মন্ত্রীকে উপহার দেয়। শিশুদের সৃজনশীলতা ও নান্দনিক কর্মদক্ষতায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবওদুল্লাহ আল মুমিন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।