দক্ষিণ পূর্ব

অর্থের অভাবে তরুণদের উদ্ভাবনী উদ্যোগ থেমে যেতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬ ০৭:৩৭ সকাল
পঠিত : ৩২
অর্থের অভাবে তরুণদের উদ্ভাবনী উদ্যোগ থেমে যেতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ছবি

Degchibarictg

অর্থের অভাবে তরুণদের কোনো উদ্ভাবনী ধারণা বা উদ্যোগ যেন হারিয়ে না যায়, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণদের একটি নতুন উদ্ভাবনী ধারণাই দেশের উন্নয়নে বড় পরিবর্তন আনতে পারে। এ লক্ষ্যেই চলতি বাজেটে স্টার্টআপ খাতে বছরে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। একটি উদ্ভাবনী ধারণা বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তাই অর্থায়নের অভাবে সম্ভাবনাময় কোনো উদ্যোগ যাতে মাঝপথে থেমে না যায়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশকে অতিমাত্রায় আমদানিনির্ভর করে তোলা হয়েছিল। ফলে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার।

তিনি বলেন, চলতি অর্থবছরেও বিদ্যুতের চাহিদা প্রায় একই পর্যায়ে রয়েছে। সংকট মোকাবিলায় ডিজেলের মজুত বাড়ানো, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লার সরবরাহ নিশ্চিত করা এবং বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি তেল সংগ্রহে ইতোমধ্যে ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, অতীতের সরকারগুলোর ব্যর্থতা নিয়ে আলোচনা-সমালোচনায় সময় ব্যয় না করে ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা পূরণ এবং বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ খাতের ব্যয় ও চুক্তি পর্যালোচনা, দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণে সরকার একযোগে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।