দক্ষিণ পূর্ব

লরির ধাক্কায় বাস উল্টে আইআইইউসি শিক্ষার্থী নিহত, সড়ক-রেলপথ অবরোধ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬ ০৮:৩০ সকাল
পঠিত : ৪৭
লরির ধাক্কায় বাস উল্টে আইআইইউসি শিক্ষার্থী নিহত, সড়ক-রেলপথ অবরোধ

ছবি

Degchibarictg

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাস উল্টে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। দুর্ঘটনার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুমিরা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা মুনির চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের গেটের বিপরীতে এক সহপাঠীসহ মাইশা একটি লোকাল বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে একটি লরি ৮ নম্বর রুটের একটি মিনিবাসকে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। এতে মাইশা বাসের নিচে চাপা পড়েন। পরে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার সার্জেন্ট শফিকুল ইসলাম শুভ জানান, ঢাকামুখী লেনে ইউটার্ন করার সময় একটি প্রাইভেট কারকে বাঁচাতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা মিনিবাসটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়।

এদিকে, সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকামুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পাশাপাশি চট্টগ্রামমুখী লেনেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে, বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা রেললাইনের ওপর গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন গন্তব্যের ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।