কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।
পুলিশ জানায়, এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিয়াম নামে আরও একজনকে আটক করে তার সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তুহিন, ফাহাদ ও কামরুল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ সুপার জানান, ১৮ সেপ্টেম্বর দুপুরে তুহিন অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যায়। পরে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হলে তারা আইফোন নিয়ে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তুহিনকে হেফাজতে নেয় পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও পরে কামরুলকে আটক করা হয়।
পুলিশ সুপার বলেন, তুহিনের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইফোনটি পাওয়া যায়নি। পরে তার বাসায় অভিযান চালিয়ে তোশকের নিচ থেকে অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার তুহিনের বয়স ১৯ বছর। সে কুমিল্লা সিটি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হলেও ২০২৫ সালে পড়াশোনা ছেড়ে দেয়।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করে আদালতে পুলিশ প্রতিবেদন বা চার্জশিট দাখিল করা হবে। পাশাপাশি ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
এসআই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।