দক্ষিণ পূর্ব

জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি পাবেন পোশাকশ্রমিকরা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬ ০৯:৩৬ সকাল
পঠিত : ৪০
জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি পাবেন পোশাকশ্রমিকরা

ছবি

Degchibarictg

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যে নির্ধারণ ও কার্যকরের বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা। ফলে আগামী বছরের জানুয়ারি থেকে বর্ধিত বেতন পাবেন পোশাকশ্রমিকেরা।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সভা শেষে চেয়ারম্যান বলেন, ইতিবাচক প্রত্যাশা নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিচিতি পর্বের পাশাপাশি মজুরি নির্ধারণের পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী সভায় শ্রমিকদের মজুরির বিষয়ে আরও অগ্রগতি জানানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দ্রুতই পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, দ্বিতীয় সভায় শ্রমিক ও মালিকপক্ষ পৃথকভাবে তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। একই সঙ্গে নিরপেক্ষ সদস্যও একটি প্রস্তাব দেবেন। এরপর প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করে মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। সাধারণত মজুরি নির্ধারণে ছয় মাস সময় লাগলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে জানুয়ারির বেতনের সঙ্গে তা সমন্বয় করা যায়। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়েছে। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, ডিসেম্বরের মধ্যে মজুরি নির্ধারণ করে জানুয়ারি থেকে তা কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের অভাব, অভিযোগ ও ক্ষোভ থেকেই আন্দোলনের সৃষ্টি হয়েছে। শুধু মজুরি নয়, শ্রমিকদের অন্যান্য সমস্যার দিকেও নজর দেওয়া প্রয়োজন। শিল্পের স্বার্থে কোনো ধরনের রাজনৈতিক বা অন্য মহলের ইন্ধনে বেআইনি কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানান তিনি।

মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন বলেন, সভায় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে, জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি সমন্বয় করা সম্ভব হবে। শ্রমিকদের দাবি অনুযায়ী কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। একই সঙ্গে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত রোববার শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করা হয়। তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়।

এদিকে বোর্ডের চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে। সৈয়দ আজাদ সুবহানীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে এ দায়িত্বে ছিলেন শেখ আশফাকুর রহমান। তিনি বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি হয়েছেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।