বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেয়েছে। ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে চূড়ান্ত তালিকায় স্থান করে নিয়েছে আলোচিত এই তথ্যচিত্র।
আল জাজিরার অনুসন্ধানী প্ল্যাটফর্ম আল জাজিরা ইনভেস্টিগেটস-এর ব্যানারে নির্মিত প্রামাণ্যচিত্রটি কাতারের প্রতিনিধিত্ব করছে। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের ওয়েবসাইটে প্রকাশিত মনোনয়ন তালিকায় এ তথ্য জানা গেছে।
প্রামাণ্যচিত্রটিতে ২০২৪ সালের গণআন্দোলনের বিভিন্ন ঘটনা ও এর পেছনের নানা তথ্য তুলে ধরা হয়েছে। এর মূল গবেষক ও প্রধান অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেছেন বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের।
মনোনয়নের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে জুলকারনাইন সায়ের বলেন, এই স্বীকৃতির প্রকৃত দাবিদার বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে আন্দোলনের সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং নিহতদের স্বজনরা।
এদিকে তথ্যচিত্রটির মনোনয়নে অভিনন্দন জানিয়েছেন দেশের বিভিন্ন নির্মাতা। নির্মাতা ও সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সামাজিক মাধ্যমে লিখেছেন, প্রামাণ্যচিত্রটি একটি গুরুত্বপূর্ণ কাজ এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।
নির্মাতা আশফাক নিপুণও জুলকারনাইন সায়েরকে অভিনন্দন জানিয়ে শুভকামনা প্রকাশ করেছেন।
আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের ৫৪তম আসর। বিশ্বের ২২টি দেশের বিভিন্ন বিভাগে মনোনয়ন পাওয়া নির্মাণ ও শিল্পীরা এ প্রতিযোগিতায় অংশ নেবেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।