দক্ষিণ পূর্ব

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ ০১:৩১ দুপুর
পঠিত : ৫
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

ছবি

Degchibarictg

চলতি আমন মৌসুমে কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধান ও চালের সংগ্রহমূল্য বাড়িয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে তিন লাখ মেট্রিক টন ধান, পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি এসব তথ্য জানান।

খাদ্যমন্ত্রী জানান, এবার প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। কোনোভাবেই যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষক যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।

খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, কৃষকের স্বার্থ, উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতিসহ সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে এফপিএমসি সভায় আমন সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সংগ্রহের লক্ষ্যমাত্রার চেয়ে কোনো কৃষক বেশি পরিমাণ ধান বিক্রি করতে চাইলেও তা কেনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘লক্ষ্যমাত্রার অজুহাতে কোনো কৃষককে ধান বিক্রি না করে ফেরত দেওয়া যাবে না। কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে এলে তার কাছ থেকে ধান কিনতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। এ কার্যক্রমও চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রেস ব্রিফিংয়ে খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এমপি, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক মো. মাহাবুব রহমান উপস্থিত ছিলেন। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।