কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে গভীর নলকূপ স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় আগুনের কুণ্ডলী বের হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে জালিয়াপালং ইউনিয়নের মোস্তফা সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুন এখনো জ্বলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আগুন বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটিতে গভীর নলকূপ স্থাপনের জন্য বোরিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি খোঁড়ার স্থান থেকে হঠাৎ আগুনের কুণ্ডলী বের হতে দেখা যায়। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হতে থাকলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে সেখানে প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।