চট্টগ্রামের পটিয়ায় দেড়শ ইয়াবাসহ সাজ্জাদ হোসেন হিরু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৬ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে উপজেলার ধলঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার এসআই মশিউলের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাজ্জাদ হোসেন হিরু পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুয়াদণ্ডী এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে পটিয়া ও বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, এর আগেও একাধিকবার মাদকসহ আটক হয়েছেন হিরু। ২০২৬ সালের ৯ এপ্রিল পটিয়ার দক্ষিণ ভূষি ইউনিয়নের খানমোহনা রেলস্টেশন এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন তাঁকে ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পটিয়া থানার এসআই সাখাওয়াতের বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের।
এর আগে ২০২৫ সালের ১০ আগস্ট বোয়ালখালী উপজেলায় সেনাবাহিনীর একটি দল তাঁকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল বলে জানা গেছে। এ ঘটনায় বোয়ালখালী থানায় ১১ আগস্ট মামলা করা হয়। পরে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেন বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের অভিযোগ, পটিয়ার আমির ভাণ্ডার রেলগেট, স্টেশন রোড, বিওসি রোড, মাতৃভাণ্ডার, খানমোহনা, খরনা ভাইয়ার দিঘির পাড় ও কলরডেঙ্গা এলাকায় ইয়াবা ও বাংলা মদের ব্যবসার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের এক নেতার আত্মীয় পরিচয় দিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, হিরুর বড় ভাই শাহজাহান মিন্টুর বিরুদ্ধেও চট্টগ্রামের চান্দগাঁও থানায় ইয়াবাসংক্রান্ত একটি মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।