দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে দেশের উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে যুবসমাজকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, যুবদল বিএনপির অন্যতম প্রধান ও সুশৃঙ্খল সংগঠন। অতীতের আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগঠনটির নেতা-কর্মীরা সাহসী ভূমিকা পালন করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখা জরুরি।
নিজের কারাবাসের প্রসঙ্গ তুলে মীর হেলাল বলেন, ছয় বছর আগে এই দিনে তৎকালীন সরকার তাঁর জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠিয়েছিল। আর আজ একই দিনে সরকারের দায়িত্ব নিয়ে তিনি সবার সামনে দাঁড়িয়েছেন। এ জন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল সংসদের ভেতরে এক ধরনের বক্তব্য দেয়, আবার বাইরে গিয়ে তার বিপরীত অবস্থান নেয়। জনগণ তাদের এ ধরনের দ্বিমুখী রাজনীতি প্রত্যাখ্যান করেছে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, অতীতের শাসনামলে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা ব্যাহত হয়েছে। বর্তমান পুনর্গঠন প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইন ও বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর এবং যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনসহ স্থানীয় নেতারা। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
সমাবেশ শেষে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।