দক্ষিণ পূর্ব

কালো উইকেটে প্রস্তুতি লিটন-শান্তদের

saiful
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৯ সকাল
পঠিত : ২২
কালো উইকেটে প্রস্তুতি লিটন-শান্তদের



এশিয়ান গেমসকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও ইয়াসির আলী রাব্বিসহ দলের ক্রিকেটাররা।

তবে অনুশীলনের চেয়ে বেশি আলোচনায় এসেছে মিরপুরের কালো উইকেট। সাধারণত সাদা বা স্পোর্টিং উইকেটে অনুশীলনে অভ্যস্ত বাংলাদেশ দল এবার এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে কালো উইকেটে অনুশীলন করছে, যা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

জাপানে এশিয়ান গেমসের ক্রিকেট অনুষ্ঠিত হবে একটি বেসবল মাঠকে রূপান্তর করে তৈরি করা ভেন্যুতে। দেশটিতে নিয়মিত ক্রিকেট আয়োজন না হওয়ায় সেখানকার উইকেটের প্রকৃতি সম্পর্কে বাংলাদেশ দলের স্পষ্ট ধারণা নেই। বিষয়টি স্বীকার করেছেন ব্যাটার ইয়াসির আলী রাব্বি।

তিনি বলেন, জাপানের উইকেট সম্পর্কে ধারণা পেতে মেয়েদের ম্যাচসহ বাংলাদেশের খেলার আগে অনুষ্ঠিত কয়েকটি ম্যাচ পর্যবেক্ষণ করতে হবে। সেসব ম্যাচের মাধ্যমে উইকেটের আচরণ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হবে।

এশিয়ান গেমসে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনিও সম্প্রতি জানিয়েছেন, জাপানের উইকেট সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা নেই, তবে কে উইকেট তৈরি করছেন তা জানা আছে।

আইচি-নাগোয়ার কো রোগি স্পোর্টস পার্কে ক্রিকেটের জন্য প্রস্তুত করা মাঠের কিউরেটরের দায়িত্বে রয়েছেন শ্রীলঙ্কান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। তিনি দীর্ঘদিন মিরপুরের উইকেট তৈরির দায়িত্বে ছিলেন। ফলে তার তৈরি উইকেটের বৈশিষ্ট্য সম্পর্কে বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের ধারণা রয়েছে।

এদিকে এশিয়ান গেমসের ভেন্যুতে তৈরি করা হয়েছে হাইব্রিড পিচ, যেখানে কৃত্রিম ও প্রাকৃতিক ঘাসের সমন্বয় রয়েছে। এমন উইকেটের আচরণ আগে থেকে অনুমান করা কঠিন হওয়ায় সম্ভাব্য পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে মিরপুরে কালো উইকেটে অনুশীলন করছে বাংলাদেশ দল।

আগামী ২৫ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।