দক্ষিণ পূর্ব

ঢাকায় ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগ-যুবলীগের চার কর্মী গ্রেপ্তার

saiful
saiful
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ০৩:৩০ দুপুর
পঠিত : ২৬
ঢাকায় ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগ-যুবলীগের চার কর্মী গ্রেপ্তার
Degchibarictg
রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর রোডে কলাবাগান ক্রীড়াচক্রের মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামিনুর রহমান (৫৩), কামরুন্নাহার লিপি (৫০), মো. নাজমুল হাসান (৪৯) ও মো. বিল্লাল হোসেন (৪৫)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার শামিনুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার আওয়ামী লীগের সভাপতি এবং কামরুন্নাহার লিপি একই এলাকার দলটির যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে নাজমুল হাসান যুবলীগের কর্মী এবং বিল্লাল হোসেন আওয়ামী লীগের কর্মী।

ডিএমপির ধানমন্ডি মডেল থানা ও কলাবাগান থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী সাত থেকে আটটি মোটরসাইকেলে করে কলাবাগান ক্রীড়াচক্রের মাঠসংলগ্ন এলাকায় আসেন। সেখানে তারা ব্যানার প্রদর্শনের পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান।

বিস্ফোরণের শব্দ শুনে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে। তবে তিনি কৌশলে নিজেকে রক্ষা করেন। পরে ঘটনাস্থল থেকে নাজমুল ও বিল্লালকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় কলাবাগান বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে শামিনুর রহমান ও কামরুন্নাহার লিপিকে গ্রেপ্তার করে কলাবাগান থানা পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রথমে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আরও ১০টি ককটেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল টিম) ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।