চট্টগ্রামের হাটহাজারীতে একটি ভাড়া বাসার টয়লেট থেকে ফয়েজ উল্লাহ ফরিদ (৫৫) নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ পাহাড়তলীর আমান বাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমান বাজারের জয়নব কমিউনিটি সেন্টারের পেছনে ইউসুফের মালিকানাধীন একটি ভাড়া বাসায় একাই থাকতেন ফয়েজ উল্লাহ। প্রায় এক বছর ধরে ওই বাসায় বসবাস করছিলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি নগরের চকবাজার এলাকার মুন্সি বাড়িতে। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি প্রবাস থেকে দেশে ফিরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে তাঁর ভাড়া বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় টয়লেটের ভেতর থেকে পোকায় ধরা অবস্থায় তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে টয়লেটে পড়ে গিয়ে স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।