দক্ষিণ পূর্ব

কুমিল্লায় মিছিলের প্রস্তুতিকালে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৬ সকাল
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৪২
কুমিল্লায় মিছিলের প্রস্তুতিকালে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে মিছিলের প্রস্তুতিকালে মোবারক হোসেন নামে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা ছাত্রলীগের নেতা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও পলাতক আওয়ামী লীগ নেতা মোবারক আলীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, মিছিলের মাধ্যমে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মোবারক ব্রাহ্মণপাড়ায় তার মামার বাড়িতে অবস্থান করছিলেন। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। দুই ঠিকানা ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন মিটিংয়ে অংশ নিচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

ওসি আরও বলেন, ব্রাহ্মণপাড়া এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করে মিছিলের চেষ্টা চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মোবারক হোসেন চট্টগ্রামের বায়েজিদ এলাকার শফিউল বাবু ও মারুফা বেগমের ছেলে।

স্থানীয়দের দাবি, মোবারক হোসেন চসিকের সাবেক কাউন্সিলর মোবারক আলীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই পরিচয়ের সূত্রে তিনি বিগত সময়ে বিএনপি, জামায়াত, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীদের ওপর নিপীড়নে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর মোবারক চট্টগ্রাম ছেড়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মামার বাড়িতে অবস্থান করছিলেন। তবে মাঝেমধ্যে চট্টগ্রামে এসে বিভিন্ন মিছিলে অংশ নিতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের পক্ষে তাকে সক্রিয় থাকতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ সংগঠনের একটি মিছিলেও মোবারককে দেখা যায়। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে অনুষ্ঠিত কয়েকটি মিছিলেও তিনি নেতৃত্ব দিয়েছেন বলে পুলিশের দাবি।

এদিকে বায়েজিদ থানায় আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানো ও দ্রুত বিচার আইনসহ মোট সাতটি মামলা রয়েছে মোবারক হোসেনের বিরুদ্ধে বলে পুলিশ জানিয়েছে।

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।