আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ হচ্ছে না। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময়ে সরবরাহ কিছুটা কমতে পারে। এতে দেশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকায় আগামী চার দিন গ্যাস সরবরাহ কমে যেতে পারে।
বর্তমানে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও রক্ষণাবেক্ষণ কাজের কারণে তা কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল বিভিন্ন সংবাদমাধ্যমের নামে ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা পেট্রোবাংলার নজরে এসেছে।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।