নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
যে সড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তাঁর জানাজা। ডিসি, এসপি, ইউএনও, ওসি , সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজায় অংশ নেন কয়েক শ মানুষ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সড়কে মাইশার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বি. এম. মফিজুর রহমান।
জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম, পিএসসি, প্রক্টর অধ্যাপক মোস্তফা মনির চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে যায়। এ সময় সড়কের পাশে থাকা শিক্ষার্থীদের ওপর বাসটি পড়ে গেলে চাপা পড়ে গুরুতর আহত হন মাইশা। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকায়।
সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্ঘটনার প্রতিবাদে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। প্রায় পাঁচ ঘণ্টার অবরোধে সড়ক ও রেল যোগাযোগে ব্যাপক বিঘ্ন ঘটে।
এ সময় শিক্ষার্থীরা আট দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে, দুর্ঘটনায় জড়িত লরির চালক ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, মামলার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ এবং মহাসড়কের দুই পাশের অবৈধ পার্কিং উচ্ছেদ।
এ ছাড়া মহাসড়ক প্রশস্তকরণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে ফুট ওভারব্রিজ, ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে প্রধান ফটকে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।