রাজধানীতে গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অসুস্থ আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
এদিকে নিহত দুই সদস্যের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সমাবেশ শেষে প্রতিমন্ত্রী রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী জানান, অসুস্থ ও আহত সদস্যদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। পাশাপাশি নিহত প্রত্যেক সদস্যের পরিবারকে সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে তাঁদের প্রত্যেকের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশ পদে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি। এ ছাড়া সরকারি খরচে মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং সম্মানজনক দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।