চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও চোরাই মোবাইল ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের কলেজিয়েট স্কুলের বিপরীতে রেলওয়ে স্টেশন কলোনির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. শাহ আলম (২৫) নামে একজন রয়েছেন, যার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে ১৩টি মামলা রয়েছে।গ্রেপ্তার অন্য দুজন হলেন মো. তুষার হাসান (২২) ও তাজুল ইসলাম (৩৬)। তারা দুজনই কুমিল্লা জেলার বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে একটি কিরিচ, একটি রামদা, একটি লোহার হুক ও চারটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সদরঘাট থানায় ৫ নভেম্বর দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা করা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর জানায়, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।