দক্ষিণ পূর্ব

জঙ্গল সলিমপুরে ৩ শতাধিক সদস্যের যৌথ অভিযান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪০ দুপুর
পঠিত : ২৮
জঙ্গল সলিমপুরে ৩ শতাধিক সদস্যের যৌথ অভিযান

ছবি

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জঙ্গল সলিমপুরের আলীনগর, নবীনগর, ওসমানের ঘোনাসহ বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন শতাধিক সদস্য অংশ নেন। এতে পুলিশ, বিজিবি ও এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সীতাকুণ্ড থানা পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় কিছু অপরাধী ও সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে পারে। এমন তথ্যের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধে ওই এলাকায় সমন্বিত টহল জোরদার করা হয়।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন পাহাড়ি ঘরবাড়ি ও স্থাপনা, পরিত্যক্ত স্থান এবং সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও অবস্থান যাচাই-বাছাই করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের যৌথ অভিযানের মাধ্যমে অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ প্রতিরোধ, নাশকতার সম্ভাব্য প্রস্তুতি নস্যাৎ এবং অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশ রোধ করা হচ্ছে। একইসঙ্গে দুর্গম এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।

অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার পাশাপাশি অপরাধ ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং অপরাধ প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।