অক্টোবরের ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশটির দুটি পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২০ জন বাংলাদেশি।
ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশিসহ ১৪৭ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। গত ১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে ব্রেজিসে ও চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাঁদের বিরুদ্ধে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ব্রেজিসে পুলিশ স্টেশন এলাকার ওব্রেজে, দোবোভা, রিগোনৎসে, ভেলিকি ওব্রেজ, কাপেলে ও লোচে অঞ্চলে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৯ জন আফগানিস্তানের, ১২ জন মিসরের, ১০ জন পাকিস্তানের, সাতজন বাংলাদেশের, পাঁচজন সুদানের, চারজন নেপালের, দুজন আলজেরিয়ার, দুজন জর্ডানের, দুজন ইয়েমেনের, চারজন ইরাকের, দুজন সোমালিয়ার এবং একজন করে মরক্কো ও ফিলিস্তিনের নাগরিক।
অন্যদিকে, চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকার ভিনিৎসা, পোদক্লানেত্স, মারিন্দোল, রাস্ট প্রি ভিনিৎসি, বোইয়ানৎসি ও বালকোভৎসি অঞ্চলে অভিযান চালিয়ে আরও ৬৬ জনকে আটক করা হয়।
তাঁদের মধ্যে ১৯ জন সুদানের, ১৮ জন আফগানিস্তানের, ১৫ জন পাকিস্তানের, ১৩ জন বাংলাদেশের এবং একজন নেপালের নাগরিক।
দুই এলাকার অভিযানে মোট ২০ জন বাংলাদেশি আটক হয়েছেন। আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১২ হাজার ৫০০ জনের বেশি মানুষ বলকান রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ করেছেন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।