এর আগে দুপুর থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর, পল্লীবিদ্যুৎ, হরিণহাটিসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেন।
বিকেলের দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পুলিশ কয়েক দফা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তাঁরা তা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় সড়কে আগুন জ্বালানো ও যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। এতে কয়েক হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানবাহনসহ জানমালের নিরাপত্তায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
তিনি জানান, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ। একপর্যায়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।