জাতিসংঘে রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করেছে, এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গাম্বিয়া ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব প্রস্তাব দেন। বৈঠকে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়ন, মিয়ানমারে সহিংসতা বন্ধ ও মৌলিক অধিকার নিশ্চিত করা, পর্যাপ্ত মানবিক সহায়তা অব্যাহত রাখা, আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা এবং মানবপাচার, মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা।
তারেক রহমান বলেন, সহমর্মিতা থেকে এখন সংকটের স্থায়ী সমাধানের পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে। বাস্তুচ্যুতি ব্যবস্থাপনার পরিবর্তে এই বাস্তুচ্যুতির অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে, বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে তারা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশ অনুষ্ঠানেও যোগ দেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।