চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় ও ফলমুন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৮ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্যাহ।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার দায়ে এসব জরিমানা করা হয়।
এ সময় কোতোয়ালি মোড় সংলগ্ন দারুল আমান হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় ফারুকের ফলের দোকানকে ১ হাজার এবং সোহেলের ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ফলমুন্ডি এলাকায় মূল্যতালিকা প্রদর্শন না করায় আবুল বাশারের ফলের দোকানকে ১ হাজার এবং ইয়াকুব আলী ফল বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় শাহ মহাসেন আউলিয়া ফার্মকে ৬ হাজার এবং মেহেদী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।