দক্ষিণ পূর্ব

জামিন শুনানিতে অসংলগ্ন বক্তব্য, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

ইমাম উদ্দিন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৮ বিকাল
পঠিত : ৩৭
জামিন শুনানিতে অসংলগ্ন বক্তব্য, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

জামিন শুনানির সময় অসংলগ্ন বক্তব্য ও অস্বাভাবিক আচরণের অভিযোগে চট্টগ্রামের এক আইনজীবীর ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করার নির্দেশ দিয়েছেন আদালত।


বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা আইনজীবী শাহেদুল হক শাহেদের আচরণ নিয়ে এ আদেশ দেন। বিষয়টি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জানাজানি হয়।


আদালত সূত্রে জানা গেছে, হালিশহর থানায় দায়ের করা একটি মামলায় আসামি ইমরান চৌধুরীর জামিনের আবেদন করেন আইনজীবী শাহেদুল হক শাহেদ। শুনানির শুরুতে বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী বক্তব্য উপস্থাপন করেন।


একপর্যায়ে তিনি আসামির জামিনের বিষয়ে শুনানি শুরু করলে আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী আসামির পক্ষে জামিন শুনানি করতে পারেন কি না। জবাবে শ্যামলী চৌধুরী আদালতকে জানান, আসামির আইনজীবী শাহেদুল হক মদ্যপান করায় আদালতে আসতে চাচ্ছেন না। এ কারণে তিনি নিজেই জামিন শুনানি করতে চান। একই সঙ্গে আসামির জামিনে বাদীপক্ষের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।


এরপর আদালত বলেন, জামিন শুনানির সময় আসামির আইনজীবীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। পরে বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে আইনজীবী শাহেদুল হক এজলাসে প্রবেশ করেন।


আদালতের লিখিত আদেশে বলা হয়, শুনানির সময় শাহেদুল হকের কথা জড়িয়ে যাচ্ছিল এবং তার পোশাকও স্বাভাবিক ছিল না। তার শারীরিক অবস্থা দেখে আদালতের কাছে মনে হয়েছে, তিনি মদজাতীয় কোনো পানীয় পান করে থাকতে পারেন।


আদেশে আরও উল্লেখ করা হয়, বাদীপক্ষ আসামির জামিনে অনাপত্তি জানানোয় বিষয়টি স্বাভাবিকভাবে আদালতের সামনে উপস্থাপনের কথা ছিল।


এ পরিস্থিতিতে আইনজীবী শাহেদুল হকের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ডোপ টেস্ট করার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে আদালতের আদেশের অনুলিপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, আদালত একজন আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন। তবে এ-সংক্রান্ত কোনো প্রতিবেদন এখনো তাদের কাছে পৌঁছেনি।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।