ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আবাসিক হল প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় এ দাবি উত্থাপন করেন।
বক্তব্যে ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, স্বাধীনতার পাঁচ দশক এবং চবি প্রতিষ্ঠার ছয় দশক পেরিয়ে গেলেও স্বাধীনতার ঘোষকের নামে ক্যাম্পাসে কোনো আবাসিক হল নির্মিত হয়নি। অথচ অতীতে এমন ব্যক্তিদের নামে হলের নামকরণ করা হয়েছে, যাদের শাসনামল নিয়ে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিশ্ববিদ্যালয়ের তীব্র আবাসন সংকটের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ক্যাম্পাসে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও শতভাগ শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে তুলনামূলক স্বল্প ব্যয়ে দ্রুত নতুন হল নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে একটি হলের নামকরণের জোর দাবি জানান তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ছাত্রদের জন্য পাঁচটি ও ছাত্রীদের জন্য পাঁচটি আবাসিক হল নির্মাণের প্রস্তাব উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পাঠানো হয়েছে। নতুন এসব হলের মধ্যে অবশ্যই জিয়াউর রহমানের নামে একটি হলের নামকরণ করা হবে।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক আল-আমীন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।