দক্ষিণ পূর্ব

মাহবুবের রহমান শামীম

‘জেমিসন হাসপাতালকে উন্নত ও মডেল হাসপাতালে পরিণত করতে চাই’

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪ দুপুর
সর্বশেষ আপডেট : ১ সপ্তাহ আগে
পঠিত : ৩২
‘জেমিসন হাসপাতালকে উন্নত ও মডেল হাসপাতালে পরিণত করতে চাই’

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম

চট্টগ্রামের জেমিসন হাসপাতালকে আধুনিক ও মডেল হাসপাতালে রূপ দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম। এ জন্য হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরের আন্দরকিল্লায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি জেমিসন হাসপাতাল একাধিকবার পরিদর্শন করেছেন। এ সময় হাসপাতালটির সম্ভাবনা ও বিভিন্ন সীমাবদ্ধতা দেখেছেন। সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে হাসপাতালটির সেবার মান আরও উন্নত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘জেমিসন হাসপাতালকে চট্টগ্রাম তথা বাংলাদেশের একটি উন্নত ও মডেল হাসপাতালে পরিণত করতে চাই। এজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক প্রতিষ্ঠান। দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায় চট্টগ্রাম জেলা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমিটি দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে এ কার্যক্রম আরও গতিশীল হবে।

এদিকে বিশেষ সাধারণ সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। আছিফ-জাহাঙ্গীর পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

নতুন কমিটিতে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আছিফ চৌধুরী এবং সেক্রেটারি হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী।

নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, সদস্যরা তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। সদস্য ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, জেমিসন হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সদস্যরা তাঁদের প্রতি যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করা হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম সম্প্রসারণ, স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় করা এবং জেমিসন হাসপাতালের সেবার মান উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

এ জন্য আজীবন সদস্য, বার্ষিক সদস্য, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। 

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।