দক্ষিণ পূর্ব

ঢাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ ০৩:৩৯ দুপুর
পঠিত : ২৫
ঢাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
Degchibarictg



রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সোমবার সন্ধ্যায় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়, সিএমএম আদালত, মহাখালী ও বনশ্রীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ছয়জনকে আটক করেছে পুলিশ।


সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।


ধোঁয়ার কারণে মেট্রোরেল স্টেশনের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ফার্মগেট স্টেশন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও স্টেশন চালু করা হয়।


ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য জানান।


এদিকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। এর আগের দিন একই এলাকায় টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে ও সিনেট ভবনসহ ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল।


সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ফটকের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ফয়সাল ও সুকুমার হালদার নামে দুজনকে তাজা ককটেল ও ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।


ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য জানান।


অন্যদিকে, সকালে বনশ্রীর জি-ব্লকে ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবন ও রবিন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে খিলগাঁও থানা-পুলিশ। এ ছাড়া মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে মোটরসাইকেলে এসে হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।


এর আগে রোববার রাতে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল এবং দারুস সালামে ট্রাফিক কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনায় রাজু আহমেদ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা ছাত্রলীগের সদস্য।


ডিএমপি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় অন্তত ছয়জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।