দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে এস আলমের জায়গায় ট্রাক স্কেল বসানো নিয়ে সংঘর্ষ, আহত বাবা-ছেলে

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ ০৩:০৮ দুপুর
পঠিত : ৪
কর্ণফুলীতে এস আলমের জায়গায় ট্রাক স্কেল বসানো নিয়ে সংঘর্ষ, আহত বাবা-ছেলে

ছবি

Degchibarictg

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের একটি খালি জায়গায় ডিজিটাল ট্রাক স্কেল (ওয়েইব্রিজ) স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুরুল আবছার ও তাঁর ছেলে নজিবুল হক মো. সৌরভ (২৬) আহত হয়েছেন। তাঁদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকার টার্ফের পাশে এস আলম গ্রুপের ওই জায়গায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গাটিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য আইয়ুব কোম্পানির লোকজন ডিজিটাল ট্রাক স্কেল স্থাপনের কাজ শুরু করেন। এ সময় নুরুল আবছার সেখানে স্থাপনা নির্মাণে বাধা দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বাবা ও ছেলে আহত হন।

নুরুল আবছারের অভিযোগ, আমিন নামের এক ব্যক্তি নিজেকে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির এপিএস পরিচয় দিয়ে জায়গাটি ভাড়া নেন। তবে শর্ত ছিল, সেখানে স্থানীয়ভাবে কোনো প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। কিন্তু পরে আমিন ৫০ লাখ টাকার বিনিময়ে জায়গাটি আইয়ুব নামের এক ব্যক্তিকে ভাড়া দেন। সেখানে দোকানপাট নির্মাণের পাশাপাশি ট্রাক স্কেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

নুরুল আবছার বলেন, এস আলম গ্রুপের পক্ষ থেকে তাঁকে জায়গাটিতে স্থায়ী স্থাপনা নির্মাণে বাধা দিতে বলা হয়েছিল। এ কারণে তিনি সেখানে গেলে আইয়ুব কোম্পানির লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে ও তাঁর ছেলেকে আঘাত করেন। বর্তমানে তাঁরা দুজনই চমেক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ছেলের অবস্থা গুরুতর বলেও দাবি করেন তিনি। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান আবছার।

তবে অভিযোগ অস্বীকার করে আইয়ুব কোম্পানির পক্ষ থেকে বলা হয়, আমিনের কাছ থেকে তাঁদের পার্টনার সুমন প্রথমে এক বছরের জন্য এবং পরে পাঁচ বছরের জন্য জায়গাটি ভাড়া নেন। মাসিক ৫০ হাজার টাকা ভাড়ায় জায়গাটি নেওয়া হয়েছে। সেখানে কোনো স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে না। মালিকপক্ষ চাইলে যেকোনো সময় জায়গাটি ছেড়ে দেওয়া হবে।

তাঁদের পাল্টা অভিযোগ, নুরুল আবছার বেশ কিছুদিন ধরে তাঁদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে জায়গার একাংশ ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন তিনি। এতে রাজি না হওয়ায় সোমবার সকালে আবছার ও তাঁর ছেলে কয়েকজনকে নিয়ে ছুরি হাতে তাঁদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তাঁরা আত্মরক্ষার চেষ্টা করেন। ওই জায়গায় নুরুল আবছারের কোনো মালিকানা বা স্বত্ব নেই বলেও দাবি তাঁদের।

এ বিষয়ে এস আলম গ্রুপের জায়গাটির দেখভালের দায়িত্বে থাকা ম্যানেজার আকবর হোসেন বলেন, জায়গাটি তাঁদের কোম্পানির। তবে কাকে ভাড়া দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি হেড অফিস বলতে পারবে। তিনি মূলত কোম্পানির পরিবহন বিভাগের দায়িত্বে রয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, খবর পেয়ে দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিকেল ৫টার দিকে একজন ফোন করে নিজেকে হাসপাতালে আছেন বলে জানান। তাঁকে থানায় আসতে বলা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মইজ্জ্যারটেক এলাকায় শাওন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আগেও বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।