যুব এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট হাতে আহসান আল মুমিনের অপরাজিত ১৫২ রান এবং বল হাতে তাফিউল আলম তামিমের ৭ উইকেট জয়ে বড় ভূমিকা রেখেছে।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের শুরুটা ভালো না হলেও একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন আহসান আল মুমিন। ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রান করে অপরাজিত থাকেন তিনি।
দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন রবিউল হাসান অনিক। এ ছাড়া আব্দুল্লাহ আল মুহি ২২, আল রাফি ২১, ফরিদ হাসান ১৭ ও ফাহান সাদিক ১৬ রান করেন।
জবাবে ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে মালয়েশিয়া। তাফিউল আলম তামিমের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় দলটির ইনিংস।
মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন সাতনাকুমারান। ফিরাস তাকিউদ্দিন করেন ২০ রান। বাংলাদেশের হয়ে ৭ উইকেট শিকার করেন তাফিউল আলম তামিম। রিজন নেন ২ উইকেট।
এই জয়ে চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আফগানিস্তান। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছে শ্রীলঙ্কা। আর গ্রুপের চতুর্থ দল মালয়েশিয়া।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।