দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবারও ফিরেছেন আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। চাকরিচ্যুতির সাড়ে চার বছরের বেশি সময় পর আদালতের রায়ে চাকরি ফিরে পেয়েছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন এই কর্মকর্তা।
চট্টগ্রামে দায়িত্ব পালনকালে একের পর এক আলোচিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধান করে আলোচনায় আসেন শরীফ উদ্দিন। কক্সবাজারে ভূমি অধিগ্রহণে অনিয়ম, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগ নিয়ে কাজ করেন তিনি।
দুদক সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ অক্টোবর সংস্থাটিতে যোগ দেন শরীফ উদ্দিন। ২০১৬ সালের ৭ ডিসেম্বর তাঁকে চট্টগ্রামে পদায়ন করা হয়। সেখানে প্রায় তিন বছর দায়িত্ব পালনকালে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধান চালান তিনি। তাঁর অনুসন্ধানের ভিত্তিতে প্রায় অর্ধশত মামলা এবং ২০টির বেশি অভিযোগপত্র দাখিল করা হয়।
তাঁর আলোচিত অনুসন্ধানগুলোর মধ্যে ছিল কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখায় ক্ষতিপূরণের অর্থ নিয়ে অনিয়ম ও জালিয়াতির ঘটনা। রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধেও অনুসন্ধান করেন তিনি। এ ছাড়া কক্সবাজারে ইয়াবা চোরাচালান ও তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করেন।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ, পদোন্নতি ও গ্যাস সংযোগে অনিয়মের অভিযোগও অনুসন্ধান করেন শরীফ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতির অভিযোগ নিয়ে ১৮২ পৃষ্ঠার একটি অনুসন্ধান প্রতিবেদন তৈরি করেছিলেন তিনি। এসব অনুসন্ধানের কারণে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন এই কর্মকর্তা।
২০২১ সালের ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। সেখানে কর্মরত অবস্থায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪ (২) বিধি প্রয়োগ করে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়। তাঁর এই অপসারণের ঘটনায় দুদকের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। প্রতিবাদে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনও করেন।
চাকরিচ্যুতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকেই বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা দিয়ে তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিল দুদক। তবে পরে সেই আবেদন আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি খারিজ করেন। এর মধ্য দিয়ে শরীফ উদ্দিনের চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে আইনি বাধা দূর হয়।
দীর্ঘ বিরতির পর মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে আবারও কর্মজীবনে ফিরলেন আলোচিত এই কর্মকর্তা।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।