চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদন ছাড়াই পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়ায় মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রাথমিক তদন্তে পাহাড়ের মাটি কেটে সরানোর প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) সকালে শুনানি ও ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন জরিমানার আদেশ দেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য পাহাড় কাটার অভিযোগ ওঠে মীর গ্রুপের বিরুদ্ধে। গত ১৯ অক্টোবর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা কর্তৃপক্ষের নজরে আসে। পরে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের শুনানিতে উপস্থিত হতে বলা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় সরেজমিন তদন্ত চালানো হয়।
তদন্তে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই পাহাড় কেটে মাটি অপসারণ করা হয়েছে। এ ছাড়া পরিবেশগত ছাড়পত্র ও সাইট ক্লিয়ারেন্স না নিয়েই রিসোর্ট নির্মাণের কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এসব কর্মকাণ্ডকে পরিবেশ সংরক্ষণসংক্রান্ত আইনের পরিপন্থী উল্লেখ করে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
শুনানিতে মীর গ্রুপের পক্ষে অংশ নেন প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের প্রধান মোখতার হোসেন টিটু। তিনি জানান, শুনানিতে তাঁরা নিজেদের বক্তব্য ও অবস্থান তুলে ধরেছেন। তবে অধিদপ্তর তাঁদের জরিমানার সিদ্ধান্ত দিয়েছে। ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডে জড়ালে মামলা করার বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।
পরিবেশ অধিদপ্তরের প্রাথমিক পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ঘটনায় কয়েক দিন ধরে পাহাড় কেটে আনুমানিক ১ হাজার ৭৫০ ঘনফুট মাটি সরানো হয়েছে।
পাহাড় কাটার অভিযোগে মীর গ্রুপের বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নিয়েছিল পরিবেশ অধিদপ্তর। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পাহাড়সংলগ্ন প্রতিষ্ঠানটির মালিকানাধীন মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজকে একই অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ওই সময় ভ্রাম্যমাণ আদালত একজনকে তিন দিনের কারাদণ্ডও দেন।
পরিবেশ অধিদপ্তরের আদেশ অনুযায়ী, নির্ধারিত জরিমানার ২৫ শতাংশ অর্থ জমা দিয়ে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।