দক্ষিণ পূর্ব

পার্কিং করা বাসে নিষিদ্ধ আ'লীগের আগুন, চালকের মৃত্যু

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ০৮:৫৯ সকাল
পঠিত : ৩৯
পার্কিং করা বাসে নিষিদ্ধ আ'লীগের আগুন, চালকের মৃত্যু

ছবি

Degchibarictg

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগের ঘটনায় কালাচান শেখ (৫৫) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামট পৌর বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে বাস চালকের পেশায় নিয়োজিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর-তন্ময় পরিবহনের বাসটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করত। রাতে বাসটি টার্মিনালের পাশে পার্কিং করে চালক কালাচান ভেতরেই ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।

আগুন লাগার পর চালক বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বলেন, বাসটি বাসস্ট্যান্ডের পাশেই রাখা ছিল। চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তাঁর একটি হাত পুড়ে যায়। তিনি বাস থেকে নেমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ জানান, রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসচালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেলের কর্মকর্তা আজমীর হোসেন বলেন, একটি মোটরসাইকেলে তিনজন এসে তাঁদের একজন বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। চালক অগ্নিদগ্ধ হয়ে নয়, মূলত আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।