সেপ্টেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সাড়ে তিনশ রানের ইনিংস খেলেছিলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই ইনিংসের পর আন্তর্জাতিক টেস্টেও তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। জাতীয় দলের হয়ে নিজের তৃতীয় টেস্ট খেলতে নেমেই এবার সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে মিরপুরে হারের পর দ্বিতীয় ও শেষ টেস্টেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। সিলেটে টসের পর ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন হৃদয়।
১৭১তম বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। এরপর হেলমেট খুলে ব্যাটের হাতলে রেখে উদ্যাপন করেন ক্যারিয়ারের স্মরণীয় এই মুহূর্ত। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে হৃদয় ১৭১ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১০০ রান করে অপরাজিত ছিলেন।
তাঁর সেঞ্চুরিতেই দলীয় দুইশ রানের গণ্ডি পেরিয়েছে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে তখনো ১৫১ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।
হৃদয়ের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল মুশফিকুর রহিমের। তিনি করেছেন ৩৪ রান। ব্যাটিংয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের জন্য হৃদয়ের এই সেঞ্চুরি বড় স্বস্তি হলেও ইনিংসকে কার্যকর অবস্থানে নিতে বাকি ব্যাটারদেরও দায়িত্বশীল ব্যাটিং করতে হবে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।