নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য অপসারণ করা উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।একই সাথে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ক্যাম্পাসে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে সকালে ক্যাম্পাসে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কন করেন তারা। নতুন উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে রাতে পালা করে মূল ফটক পাহারাও দিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তাদের গ্রাফিতি কর্মসূচি চলমান রয়েছে। তাদের একমাত্র দাবি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় তারা হতাশ।
তারা বলেন, ‘আমরাও আমাদের ক্লাসে ফিরতে চাই। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের একাডেমিক জীবন ও ক্যারিয়ারকে প্রাধান্য দিয়ে ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।’
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে তারা গ্রাফিতি আঁকছেন। তার ভাষ্য, ‘সায়েম স্যারকে অন্যায়ভাবে ৫৬ দিনের মাথায় অপসারণ করা হয়েছে। উনি ভালো কাজ করছিলেন। অবশ্যই উনাকে সুযোগ দিতে হবে। উনার কাজগুলো করার পর্যাপ্ত সময় যেন উনি পান।’
এর আগে শুক্রবার দুপুরে উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়া অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে রাতে নতুন উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে মূল ফটকে ভেতর থেকে তালা দিয়ে সেখানে পাহারা দেন তারা।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে রোববার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।